নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার-সোনাপুর সড়কের আলামিন রাস্তার মাথায় ফার্নিচার বোঝাই একটি পিকআপের চাপায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই আবদুল কুদ্দুছ (৬৫) গুরুতর আহত হন। তারা দুজনেই রাস্তার পাশ থেকে মাটি নিয়ে বাড়ির দরজায় দিচ্ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১০ মে) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক চরজব্বার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী নুরনবী বলেন, “দুই ভাই রাস্তার পাশে কাজ করছিলেন। হঠাৎ একটি ফার্নিচার বোঝাই পিকআপ দ্রুত গতিতে এসে তাদের ওপর উঠে যায়।”
স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদের বলেন, “দুই ভাই একসাথে কাজ করছিলেন। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল খালেক মারা যান।”
নিহতের জামাতা সাহাব উদ্দিন বলেন, “আমার শ্বশুর বাড়ির চলাচলের রাস্তা মেরামতের জন্য মাটি আনছিলেন। কাজের মধ্যে চলন্ত পিকআপ তাদের চাপা দেন, আমার শশুর ঘটনাস্থলে মারা যান এবং চাচা শ্বশুর কে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।”
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে।”
রিপোর্টার্স২৪/ধ্রুব