আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। একটু এদিক-সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর ডনের।
হোয়াইট হাউজের এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে এবং সংঘাত নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।
উভয় দেশকে ভালোভাবে চিনেন উল্লেখ করে ট্রাম্প বলেন, সত্যিই অবস্থা খুব ভয়াবহ। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এখন অন্তত তারা থামবে বলে আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।
প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
এছাড়া ভারতের এই ‘কাপুরুষোচিত’ হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রিপোর্টার্স২৪/এসবি