| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ সাত পুলিশ আহত

  • আপডেট টাইম: 07-05-2025 ইং
  • 367285 বার পঠিত
যশোরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ সাত পুলিশ আহত
ছবির ক্যাপশন: যশোরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ সাত পুলিশ আহত

যশোর প্রতিনিধি :  

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। সেখানে তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করেন। এসময় স্থানীয় কিছু দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় ও আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ওসিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তবে হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪