| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে আশুরা

  • আপডেট টাইম: 06-07-2025 ইং
  • 115477 বার পঠিত
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে আশুরা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রোববার (৬ জুলাই), ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী মুহাররম মাসের ১০ তারিখ। এই দিনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান আশুরা।

হিজরি ৬১ অব্দে সংঘটিত কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে এই দিনটি পালিত হয়। এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) পরিবার-পরিজন ও ৭২ সঙ্গীসহ ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন; প্রিয় নবীর (সা.) শিক্ষা ও আদর্শ রক্ষায় তাদের এ আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি বকশীবাজার লেন, লালবাগ মোড়, শহিদ মিনার সড়ক, এতিমখানা মোড়, আজিমপুর মোড়, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমণ্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট-৪ হয়ে ধানমণ্ডি লেক কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দুপুর ১টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করার সময় যোগ দেন তারা।

এর আগে, শান্তিপূর্ণ পরিবেশে আশুরা পালনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারোয়ার।

তিনি জানান, ২৭ জুন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়সহ অন্যান্য ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে আয়োজিত শোকানুষ্ঠানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া, হোসেনি দালান, বড় কাটারা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি দেশের প্রধান ইমামবাড়াগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির বিশেষায়িত ইউনিট মোতায়েন করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪