| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম: 05-07-2025 ইং
  • 105188 বার পঠিত
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে মানুষের আস্থা ফিরছে। অন্য ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে। এর প্রথম শর্ত হলো—যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা নষ্ট হবে না। কিছুটা সময় লাগতে পারে, কারণ অনেকেই টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটে না।

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সঞ্চয়পত্রের মুনাফা হার কমানো নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, তখন কেউ ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেরও তারল্য বজায় রাখা জরুরি। বিষয়টি ব্যালেন্স করে দেখতে হবে। সবাই যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে, তাহলে ব্যাংক টাকা পাবে কোথা থেকে?

এনবিআরে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে যা যা প্রয়োজন, আমরা তা করব। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমরা নিশ্চিত করছি যেন ব্যবসার জন্য ১০–১২টি দপ্তরে না যেতে হয়। যত ধরনের ছাড়পত্র লাগে, সেগুলো আমরা কেন্দ্রীভূত করার চেষ্টা করছি।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।

রিপোর্টার্স২৪/ এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪