সাভার প্রতিনিধি: আশুলিয়ার জামগড়া এলাকা থেকে শামিম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পুরাতন পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি স্টীলের ধারালো চাপাতি, একটি লোহার তৈরী লম্বা ধারালো দা, একটি দ্বি- মাথা ধারালো ভাইকিং কুড়াল, দুটি লোহার তৈরী ধারালো ছুরি, একটি মোটরসাইকেলের পুরাতন চেইন, একটি লোহার তৈরী কালো কভারযুক্ত পাইপ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃত শামিম শেখ নড়াইল জেলার সদর থানার বল্লারটোপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে বর্তমানে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার খাঁজার বাড়ীতে ভাড়া থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। গ্রেপ্তারকৃতকে আশুলিয়া থানা দায়ের করা মামলায় (নং-১০৩), ১০ পুলিশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, শামিম শেখ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী করে আসছিলো। তার বিরুদ্ধে আশুলিয়া থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া মামলার পলাতক আসামী মোঃ স্বপন, বাবু ওরফে কালা বাবু, জুনায়েদ হোসেন ওরফে জুনুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে, রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় রিমান্ডে থাকা শীর্ষ সন্ত্রাসী বাপ্পির দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
রিপোর্টার্স২৪/আরএইচ