বাউফল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কাছিপাড়া মো. আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ ও একটি মন্দির প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের বাউফল উপজেলা শাখার নেতাকর্মীরা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আরএইচ