| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসজির শিরোপা জয়

বিজয় উন্মাদনা রূপ নিল সহিংসতায়: নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫৫৯

  • আপডেট টাইম: 01-06-2025 ইং
  • 177207 বার পঠিত
বিজয় উন্মাদনা রূপ নিল সহিংসতায়: নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫৫৯
ছবির ক্যাপশন: বিজয় উন্মাদনা রূপ নিল সহিংসতায়: নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫৫৯

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক:

প্যারিস সেন্ট-জার্মেইন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাব হওয়ার গৌরব অর্জন করেছে। ঐতিহাসিক এই জয়ের পর প্যারিস জুড়ে দেখা গেছে উল্লাস আর উদযাপনের ঢল। শঁজেলিজে অ্যাভিনিউ এবং পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের সামনে প্রায় ৫০ হাজার সমর্থক বড় স্ক্রিনে ম্যাচ উপভোগ করে, আর জয়ের পরপরই তারা নেমে আসে রাস্তায়। 


শহরের বাতাসে ভেসে বেড়ায় গান, নাচ আর গাড়ির হর্নের আওয়াজ। এমন আনন্দঘন মুহূর্তে আইফেল টাওয়ারও আলোকিত হয় পিএসজির নীল-লাল রঙে, আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ বার্তা দেন, ‘পিএসজি-এর জন্য গৌরবময় দিন! ব্রাভো, আমরা সবাই গর্বিত। আজ রাতে প্যারিস ইউরোপের রাজধানী।’


তবে রাত যত বাড়তে থাকে, ততই উচ্ছ্বাসের রূপ বদলাতে শুরু করে। পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতায় শুরু হয় বিজয়–উন্মাদনা। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব উদ্‌যাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। ২ জন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন।


দাঙ্গাকারীরা শঁজেলিজেতে আতশবাজি ও ফ্লেয়ার ছুঁড়ে, বাসস্টপ আর দোকান ভাঙচুরের চেষ্টা করে, এমনকি কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যারা জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে।


ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার জানায়, সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয় ৪৯১ জনকে। এর মধ্যে ৩২০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যাঁদের ২৫৪ জন প্যারিসের।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও ফায়ার সার্ভিসের ৭ কর্মী আহত হয়েছেন।


এদিকে প্যারিসের বাইরে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলে পিএসজি সমর্থকদের ওপর একটি গাড়ি উঠে গেলে একই পরিবারের চারজন আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, চালক নিজেই আত্মসমর্পণ করেছে এবং এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সে ইচ্ছাকৃতভাবে হামলা করেছে।


পিএসজির এই জয়ের আনন্দে রোববার শঁজেলিজেতে হবে একটি বিজয় মিছিল, যেখানে হাজার হাজার সমর্থক ভিড় করবেন তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অফিস থেকে জানানো হয়েছে, তিনি স্বয়ং খেলোয়াড়দের অভিনন্দন জানাবেন। সব মিলিয়ে, পিএসজির জন্য এটা এক ঐতিহাসিক রাত, যা প্যারিস শহরকে একসাথে উল্লাস, উত্তেজনা আর কিছুটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪