স্টাফ রিপোর্টার:
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৩ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।
এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান।
তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।
সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রঙিলা কিতাব’, পরিচালক নুহাশ হুমায়ুন এবং ছোটপর্দার অভিনেতা মোশাররফ করিম।
বিনোদনক্ষেত্রে বছর সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন। পরের অংশের কান্ডারি হিসেবে ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল–প্রথম আলো উপস্থাপনা করেছেন তাঁরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব