বিশেষ প্রতিনিধি, masum।।
সিনিয়র রিপোর্টার : যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য বিশ্বের ২৭ দেশের ৩৯ জনকে কৃষি খাদ্যের অগ্রদূত (টপ অ্যাগ্রি ফুড পাইওনিয়ার) হিসেবে পুরস্কৃত করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বিগত চার দশকের বেশি সময় কৃষি ও খাদ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে থেকে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ফজলে হাসান আবেদ।
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন মঙ্গলবার (২৪ জুন) রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। এ পুরস্কারকে কৃষি ও খাদ্য খাতের নোবেল বলা হয়ে থাকে। পুরস্কার পাওয়া ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, এসব গুণীজন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্বকে সমৃদ্ধ করেছেন। বিশ্বের টেকসই এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য বিশেষ কাজ করেছেন। তারা অসাধারণ বৈচিত্র, প্রতিভা এবং সংকল্পকে বিশ্ববাসির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তারা খাদ্যের জন্য একটি নতুন ভবিষ্যত তৈরি করছেন।
জানা গেছে, বাংলাদেশের কৃষি বিশেষ করে বীজ, সবজি, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন আবদুল আউয়াল মিন্টু। ১৯৮১ সালে তিনি মূলত ব্যবসা শুরু করেন। তবে ১৯৯৪ সালে মাত্র ২৫ একর জমির ওপর তিনি বীজ উন্নয়নে গবেষণাগার ও খামার তৈরি করেন। তার প্রতিষ্ঠান লাল তীর সীড এখন জাতিসঙ্ঘের সহযোগী সংস্থার পর্যবেক্ষণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সপ্তম শীর্ষ প্রতিষ্ঠান। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বীজ টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছেন তিনি। লাল তীর ছাড়া আইএসটিএ সনদপ্রাপ্ত কোনো বীজ ল্যাবরেটরি বাংলাদেশে নেই বলে জানা যায়।
উদ্যোক্তার পাশাপাশি কৃষি অর্থনীতি ও কৃষি বিষয়ক উচ্চতর নানা বিষয়ে ডিগ্রি নিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মিন্টু একজন রাজনীতিবিদও। জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান।
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩৯তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে। আগামী ২১-২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ডেস মইনসে অনুষ্ঠিত নরম্যান ই বোরলাগ আন্তর্জাাতিক সংলাপের সময় এ পুরস্কার তুলে দেয়া হবে।
এ বিষয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তারা আমাকে পুরস্কৃত করেছে, এজন্য আল্লাহর কাছে শোকর। এ পুরস্কার আমাকে নতুন নতুন কাজে আরো উৎসাহিত করবে।’
রিপোর্টার্স ২৪/এমবি