বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সোমবার (৫ মে) একটি বিশেষ বিমানে কাতারের রয়েল অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, এনিয়ে দলের সবাই উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে সারাদেশের মানুষ প্রস্তুত। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ভালো পরিবেশ ও পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় নেত্রীর শারীরিক পরিস্থিতির এ উন্নতি হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা যেন কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই পাশে দাড়িয়ে হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে দাড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।
রিপোর্টার্স২৪/রিয়াদ