বিশেষ প্রতিনিধি, ধ্রুব চৌধুরী।।
চাঁদপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামী মোবারক কাজীকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামী মোবারক হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ীর মৃত লাল মিয়া কাজীর ছেলে। তিনি ওই মামলার ৬ নম্বর এজহার নামীয় আসামী।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এ মামলায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়াও আরো কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গেল বছর ৪ আগষ্ট হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে নির্মমভাবে কোপানো হয় বিএনপি নেতা ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে গেল বছর ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব