বিশেষ প্রতিনিধি, মোঃ আবু সাইদ।।
কালাম আজাদ, ইতালি প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রগুলো একটি নতুন আন্তর্জাতিক চুক্তির পক্ষে শক্তিশালী সমর্থন জানিয়েছে। ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রস্তুতি আরও জোরদার করতে তারা এ সমর্থন জানায়। তবে তাতে ভোটদানে বিরত ছিল ইতালি, ইসরায়েল, রাশিয়া এবং ইরানসহ ১১টি দেশ।
সোমবার (১৯ মে) জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সমাবেশে স্লোভাকিয়ার ভোটের আহ্বানে ১২৪টি দেশ এ চুক্তির প্রতি জোরালো সমর্থন জানায়।
প্রস্তাবিত চুক্তিটিকে বার্তা সংস্থা রয়টার্স ‘যুগান্তকারী বৈশ্বিক চুক্তি’ হিসেবে অভিহিত করেছে।
চুক্তিটি কোভিড-১৯ মহামারি থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে, যেখানে ওষুধ, টিকা এবং স্বাস্থ্য সরঞ্জাম প্রাপ্তিতে বৈষম্য দূর করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কোভিড-১৯ এ বিশ্বজুড়ে ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়, যা স্বাস্থ্য নিরাপত্তার ঘাটতির ভয়াবহতা স্পষ্ট করে দেয়।
ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্ব আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও সমতাপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
তবে তিনি সতর্ক করে জানান, সংক্রামক জীবাণু সংক্রান্ত তথ্য ভাগাভাগির একটি পৃথক ব্যবস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর হবে না। এ প্রক্রিয়ায় আরও দুই বছর সময় লাগতে পারে।
চুক্তির আলোচনার সময় যুক্তরাষ্ট্র এর বাইরে ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানুয়ারিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের ঘোষণা দিলে, দেশটি এই আলোচনা থেকে সরে দাঁড়ায়। ফলে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র আপাতত থাকছে না।
তিন বছরের টানা আলোচনা ও মতপার্থক্যের পর তৈরি হওয়া এই খসড়া চুক্তিকে বিশ্লেষকরা বৈশ্বিক সহযোগিতার এক বড় অর্জন হিসেবে দেখছেন। তবে ডব্লিউএইচও’র জন্য এটি একটি চ্যালেঞ্জের সময়, কারণ যুক্তরাষ্ট্রের তহবিল কমে যাওয়ায় সংস্থাটি আর্থিক সঙ্কটে পড়েছে।