বিশেষ প্রতিনিধি, রিয়াদ হাসান।।
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বর্তমান সরকার শহীদদের তালিকা চূড়ান্তের চাইতে করিডর ইস্যুতে বা বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিষয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার নয়, করিডর বা বন্দর দেয়া না দেয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত জনগণের সংসদ ও সরকার।’
শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এনডিএমের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা-আশা-আকাঙ্খা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে আবারো আহ্বান জানিয়ে বলবো- পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ-লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে এই আশা করছি।’
তিনি আরো বলেন, ‘বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তাদের পরিকল্পনা-কর্মপরিকল্পনা নিয়ে একটি রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে আসছে। সব কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি।’
তারেক রহমান বলেন, ‘সরকারই বরং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে সুকৌশলে ‘অল্প সংস্কার-বেশি সংস্কার’ এরকম একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ বিদেশি অতিথি ও দলটির নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/আরএইচ