বিশেষ প্রতিনিধি, সায়েম উদ্দিন।।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
গলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সিয়াম আলী ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রসেদা বেগম জানান, বাড়ির আঙিনায় লিচু গাছের নিচে সিয়ামসহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় গাছ থেকে পড়া একটি লিচু কুড়িয়ে খাওয়ার চেষ্টা করে সিয়াম। লিচুর বিচি গলায় আটকে গেলে সে হঠাৎ ছটফট করতে থাকে। শিশুটির কষ্ট দেখে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজীব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। ইমারজেন্সি বিভাগে তার গলা থেকে লিচুর বিচি অপসারণ করা হলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। বিচি গলায় দীর্ঘ সময় আটকে থাকার কারণে শিশুটি শ্বাস নিতে পারেনি এবং তার মৃত্যু ঘটে।
এই ঘটনায় সিয়ামের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সিয়ামের চাচাতো ভাই মামুনুর রশিদ জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় সিয়ামের জানাজা ও দাফন সম্পন্ন হবে।
.
রিপোর্টার্স২৪/এস